বাসচাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের মামলার রায় রোববার (০১ ডিসেম্বর) ঘোষণা করা হবে।

দুর্ঘটনার এক বছর চার মাস এক দিন পর চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।

গত ১৪ নভেম্বর উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ রায় ঘোষণার এই দিন ধার্য করেন।

গত বছরের ২৯ জুলাই বাসচাপায় দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীব (১৭) ও একাদশ শ্রেণির ছাত্রী দিয়া খানম মীম (১৬) নিহত হন। বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়।

সড়কের শৃঙ্খলা ফিরিয়ে আনতে রাজধানীসহ দেশজুড়ে শিক্ষার্থীরা রাস্তায় নামেন। সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে উৎসাহিত করেন। একইসঙ্গে ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও অবস্থান নেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীও অনেকটা তৎপর হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী তাপস কুমার পাল বলেন, চাঞ্চল্যকর এই মামলাটি সর্বাধিক গুরুত্বসহকারে পরিচালনা করা হয়েছে। সাক্ষ্য-প্রমাণ দিয়ে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ সক্ষম হয়েছে। চাঞ্চল্যকর এই মামলার আসামিদের সর্বোচ্চ শাস্তি হবে বলে প্রত্যাশা করছি।

নিহত শিক্ষার্থী দিয়া খানম মীমের মা রোকসানা বেগম বলেন, আমার মেয়ে যদি রাস্তা পার হওয়ার সময় এক্সিডেন্ট (দুর্ঘটনা) হতো, তাহলেও মনে এতটা দুঃখ থাকত না। মনে করতাম, হয়ত আমার মেয়েরই ভুল ছিল। হয় তো মেয়েই দেখে রাস্তা পার হতে পারেনি। কিন্তু আমার মেয়ে গাড়িতে উঠার জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। যেখান থেকে যাত্রীরা গাড়িতে উঠে, সেখানেই দাঁড়িয়ে ছিল। ড্রাইভারটা যদি একটু সাবধানে গাড়ি চালাত, তাহলে আমার মেয়ে মারা যেত না। আদালতের কাছে আমরা ন্যায়বিচার প্রার্থনা করি।

মামলার আসামিরা হলেন- জাবালে নূর পরিবহনের দুটি বাসের মালিক শাহাদাত হোসেন ও জাহাঙ্গীর আলম, দুই চালক মাসুম বিল্লাহ ও জুবায়ের সুমন এবং দুই চালকের দুই সহকারী এনায়েত হোসেন ও কাজী আসাদ। এদের মধ্যে শাহাদাত হোসেনের মালিকানাধীন বাসটির চাপায় দুই শিক্ষার্থী মারা যায়।

এমবি