খাদ্যে ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্র সংগ্রহে হাইকোর্টের নির্দেশ ‘অমান্য’ করায় তিন সচিবসহ সাত কর্মকর্তাকে নোটিশ দেওয়া হয়েছে।

বুধবার নোটিশ প্রদানকারী সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, ফরমালিন পরীক্ষায় সঠিক যন্ত্র সংগ্রহে হাইকোর্টের নির্দেশের বিষয়ে সাত দিনের মধ্যে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে স্বাস্থ্য, স্বরাষ্ট্র ও খাদ্য সচিব, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর চেয়ারম্যান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালক, ভোক্তা অধিকার অধিদফতরের মহাপরিচালক এবং জাতীয় খাদ্য নিরাপত্তা ল্যাবরেটরির পরিচালকের বিরুদ্ধে আদালত অবমানার মামলা করা হবে।

২০১৪ সালের ২৪ নভেম্বর বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ সাত দিনের মধ্যে ফরমালিন মাপার সঠিক যন্ত্র নির্বাচন করার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ এবং সংগ্রহের ব্যবস্থা করতে নির্দেশ দেন।

আদেশে বলা হয়, সরকার দুই মাসের মধ্যে সঠিক যন্ত্র সংগ্রহের পর এ কমিটি যন্ত্র নির্বাচন করবে।

কমিটিতে বিসিএসআইআর, বিএসটিআই, এনএফএসএল, ভোক্তা অধিকার অধিদফতর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান বিভাগের প্রতিনিধিরা থাকবেন।

এ যন্ত্র সংগ্রহের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দিতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

গত বছরের ১৩ জুলাই ফরমালিন যন্ত্র নিয়ে বাংলাদেশ ফ্রেশ ফুড ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাধন চন্দ্র দাশ ও সেক্রেটারি সিরাজুল ইসলামের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

রিটের প্রাথমিক শুনানির পর ২১ জুলাই হাইকোর্ট বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) মহাপরিচালককে ওই যন্ত্র পরীক্ষা করে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়। পরে বিসিএসআইআর ও বিএসটিআই হাইকোর্টে প্রতিবেদন দাখিল করে।

প্রতিবেদনে এই দু’সংস্থা জানায়, ‘জেড ৩০০’ মডেলের ‘ফরমালডিহাইড মিটার’ দিয়ে ফরমালিন নির্ভূলভাবে নির্ণয় করা সম্ভব হয় না।

রিট আবেদনে বলা হয়, ফরমালডিহাইড মিটার 'জেড ৩০০’ নামের যে যন্ত্রটি দিয়ে বাংলাদেশে ফল-ফলাদিতে ফরমালিন পরীক্ষা করা হচ্ছে, তা যুক্তরাষ্ট্রে তৈরি করা হয়েছে বাতাসে ফরমালিন মাপার জন্য।

কেএইচ