রাস্তায় নৌকা ফেলে ডাকাতির চেষ্টাকালে পুলিশের গুলিতে আহত দু'জনকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতদের অস্ত্রের আঘাতে পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন।

রোববার রাত ৩টা দিকে ঢাকার কেরানীগঞ্জের সাকটা সারাভিটা এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ডাকাতেরা হলেন, মো. হানিফ (২২) ও সাইদুল ইসলাম (২৮)।

কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মনোয়ার হোসেন জানান, রাত ৩টা দিকে কেরানীগঞ্জের সাকটা সারাভিটা এলাকায় সিএনজি চালিত অটোরিকশা করে পুলিশ টহল দিচ্ছিল।

এ সময় সড়কের উপর নৌকা ফেলে ডাকাতেরা পুলিশের সিএনজি চালিত অটোরিকশার গতিরোধ করে ডাকাতির চেষ্টা করে।

তিনি জানান, এ সময় ডাকাতদের আটকের চেষ্টা করা হলে ৪ জন পালিয়ে যায়। দু'জনকে গুলি করে আটক করা হয়।

এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে পুলিশ কনস্টেবল জসিম উদ্দিন (৩০) আহত হয়।

ডাকাতদলের সদস্য মো. হানিফের দুই পায়ে দুই রাউন্ড ও সাইদুল ইসলামের ডান হাতে এক রাউন্ড গুলি লেগেছে।

আহতরা বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

এআর