বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলছেন, দেশে সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রের তিনটি অঙ্গের মধ্যে সুসম্পর্ক গুরুত্বপূর্ণ ।
বৃহস্পতিবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে।
ওই অনুষ্ঠানে বিদায়ী প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেন এ মন্তব্য করেন। তিনি বলেন, রাষ্ট্রের তিনটি বিভাগ হলো নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ।
তিনি বলেন, সংবিধানের চেতনা অনুসারে এ তিনটি অঙ্গের সমভাবে গুরুত্ব রয়েছে। কারও নির্ধারিত সীমা অতিক্রমের সুযোগ নেই।
তিনি আরো বলেন, ‘একজন আইনজীবী ও একজন বিচারপতির মধ্যে তফাত এই যে, একজন বিচারপতি তার দেওয়া রায়ের মাঝে বেঁচে থাকেন, তিনি ইতিহাসের অংশ হয়ে যান’।
অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রধান বিচারপতির শিক্ষাজীবন ও কর্মজীবন তুলে ধরে বলেন, প্রধান বিচারপতি হিসেবে আপনি সর্বদা বিচারালয়ের উন্নতির চিন্তা করেছেন এবং যথাযথ পদক্ষেপ নিয়েছেন। সুপ্রিম কোর্টের কাজ পরিচালনার ক্ষেত্রে আপনি যে বিচক্ষণতা, প্রজ্ঞা ও ধৈর্য্যরে পরিচয় দিয়েছেন তা অতুলনীয়।
এ সময় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আব্দুল বাসেত মজুমদার।
এ সময় জ্যেষ্ঠ আইনজীবী এম আমিরল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ন, আবদুল মতিন খসরু, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মমতাজ উদ্দিন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।





