দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমান গান পাউডার, ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ককটেল, কষ্টি পাথরের মূর্তি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব হেড কোয়াটারের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মাকসুদুল আলম।

তিনি জানান, গাজীপুর জেলার টঙ্গী থানাধীন পূবাইল রোড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী নাজমা আক্তার (৪৫), ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করে র‌্যাব-১।

অপরদিকে ১৫ অক্টোবর বিকালে রাজশাহী মহানগরীর চারঘাট থানাধীন বরকত এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী চৈতন্য কুমার মন্ডলকে (৩০) ৮৬৯ পিস ইয়াবা ট্যাবলেট, ৩টি মোবাইল সেট, ইয়াবা বিক্রয়ের নগদ ৭০২৪/- টাকাসহ আটক করে।

র‌্যাব-৫ এর আরেকটি দল বৃহস্পতিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদরের হাট রামচন্দ্রপুর এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় সোয়া কেজি কেজি গান পাউডার, ৯টি ককটেল উদ্ধার করে।

অপরদিকে বুধবার রাতে খুলনার দাকোপের পশুর নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে মোঃ জাহিদ শেখকে (২৮) ইলিশ মাছ ধরার দুই হাজার মিটার জালসহ আটক করেছে র‌্যাব-৬। পরে আটককৃত ব্যক্তিকে ৫,০০০/-টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়া হয়।

বরিশাল জেলার উজিরপুর উত্তরপাড়া গ্রামে বুধবার বিকালে অভিযান চালিয়ে (১) মোঃ মওদুদ আহম্মেদ(২৩), ও (২) মোঃ নুরুল হক মৃধাকে (৩৫) ১টি ১৮ কেজি ৩ শ' গ্রাম ওজনের মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ আটক করে। যার আনুমানিক মূল্য এক কোটি টাকা।

সিলেট এসএমপির কোতয়ালী মডেল থানার আম্বর খানা সাপ্লাই রোড এলাকায় অভিযান চালিয়ে মোঃ মনির হোসেনকে ২৯০ পুরিয়া হেরোইন, ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে র‌্যাব-৯।

বুধবার সন্ধ্যায় বগুড়া জেলার নন্দীগ্রামের আমড়া গোহাইল গ্রাম এলাকায় অভিযান চালিয়ে সোহেল (৩০) ও শ্রী খোকন চন্দ্র মহন্তকে (৩২) ১টি কষ্টি পাথরের মূর্তি সহ আটক করে।

আনুমানিক মূল্য ১ কোটি টাকা। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান র‌্যাব হেড কোয়াটারের গণমাধ্যম শাখার উপ-পরিচালক মাকসুদুল আলম।

জেইউ/এসএইচ