হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর অন্তর্বাস থেকে ১০টি সোনার বার জব্দ করেছেন শুল্ক গোয়েন্দারা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানিয়েছে, জব্দকৃত সোনার বারের ওজন ১১৬০ গ্রাম। এর মূল্য ৫৮ লাখ টাকা।

সোমবার বেলা ১১টা দিকে সোনার বারগুলো জব্দ করা হয়।

এক ইমেইল বার্তায় যুগান্তরকে এ তথ্য জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক মইনুল খান ।

শুল্ক গোয়েন্দা জানায়, আটক যাত্রীর নাম মো. আব্দুল মোনায়েম। তার গ্রামের বাড়ি চট্টগ্রাম জেলার ফটিকছড়ি। বোর্ডিং পাস নং: 9975773428408C1। বেলা ১১টায় চট্টগ্রাম থেকে শাহজালালে অবতরণ করেন মোনায়েম।


শুল্ক গোয়েন্দা আরও জানায়, মোনায়েম ডোমেস্টিক আগমনী পয়েন্ট পার হওয়ার পর তার অন্তর্বাস থেকে এই সোনার বারগুলো জব্দ করা হয়।

বিমানের ফ্লাইটটি মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে সকালে ঢাকায় আসে। ধারণা করা হচ্ছে, আকাশপথে মাসকাট থেকে আগত কোনো যাত্রীর কাছ থেকে এই সোনা হস্তান্তর করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আটক মোনায়েমকে বিমানবন্দর থানায় সোপর্দ করার বিষয়টি প্রক্রিয়াধীন।

এএস