বাংলাদেশ ক্রিকেট দলের পেসার রুবেল হোসেনের সঙ্গে প্রেমের ফোনালাপের রেকর্ড নিয়ে তার বিরুদ্ধে লড়বেন নাজনীন আক্তার হ্যাপি। ওইসব রেকর্ডের কপি বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ (বিসিবি) বিভিন্ন দফতরে দেয়ার পাশাপাশি গণমাধ্যমেও প্রচারের উদ্যোগ নিয়েছেন তিনি।

বুধবার হ্যাপি বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলকে ভয়েস রেকর্ডগুলোর কপি দিয়েছি। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কাছেও একটি কপি পৌঁছে দেয়া হবে।

মামলা করার পর থেকে রুবেলের পক্ষ থেকে কেউ এখনো যোগাযোগ করেনি জানিয়ে হ্যাপি বলেন, আইনগত লড়াইয়ের অংশ হিসেবে শিগগির একজন বিজ্ঞ আইনজীবির শরনাপন্ন হচ্ছেন।

গত শনিবার বিকালে মিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে রুবেল হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপী।

হ্যাপির অভিযোগ, রুবেল হোসেন বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করেছেন। বিয়ের কথা বললে রুবেল টালবাহানা শুরু করেন। শরীরিক নির্যাতনের বিষয়ও মামলায় উল্লেখ করা হয়েছে।

থানায় লিখিত অভিযোগ দেয়ার পর ওই দিন রাতেই হ্যাপিকে নেয়া হয় তেজগাঁও মহিলা ভিকটিম সাপোর্ট সেন্টারে রোববার দুপুরে তার ফরেনসিক পরীক্ষা হয়।

২০১৩ সালে মোস্তাফিজুর রহমান মানিকের ‘কিছু আশা কিছু ভালোবাসা’ সিনেমার মাধ্যমে হ্যাপির চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানেও বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করছেন।

হ্যাপির গ্রামের বাড়ি খুলনার খালিশপুরে। বাবার নাম মোহাম্মদ ইউসুফ আলী। পরিবারসহ ঢাকার রূপনগর আবাসিক এলাকার ছয় নম্বর রোডের ১৬ নম্বর বাড়িতে  বাস করছেন।  বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ দ্বিতীয় সেমিস্টারে পড়ছেন।

এএইচ