ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের আপিল শুনানি ৫ম দিনের মতো শেষ হয়েছে। আগামীকাল সোমবার আপিলের পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে।

রোববার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির বেঞ্চে আপিল শুনানি অনুষ্ঠিত হয়। বেঞ্চের অপর তিন সদস্য হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট শিশির মনির।

অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতে আজ মুজাহিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালের রায়ের কিছু অংশ পড়ে শোনান আইনজীবী এস এম শাহজাহান।

এর আগে গত ২৯ এপ্রিল এবং ৪, ৫ ও ৬ মে মুজাহিদের আপিল শুনানি অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১১ আগস্ট মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেন মুজাহিদের আইনজীবীরা।

২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদের বিরুদ্ধে আনীত রাষ্ট্রপক্ষের ৭টি অভিযোগের মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

এমকে