মুন্সীগঞ্জের শ্রীনগরে সাড়ে ৭ মণ জাটকাসহ দু’জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তাদের ৫ হাজার টাকা করে জরিমানা করাহয়।
ঢাকা-মাওয়া মহাসড়কে শ্রীনগর উপজেলার হাষাড়া এলাকায় সোমবার বেলা ১০টার দিকে একটি পণ্যবাহী ট্রাকে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়েছে।
আটকরা হলেন—জাটকা বিক্রেতা নুরুল ইসলাম মল্লিক (৬০) ও ট্রাকচালক হাফিজুল ইসলাম (৩৫)।
হাষাড়া ফাঁড়ির সার্জেন্ট মনির হোসেন জানান, পিরোজপুর থেকে ট্রাকে জাটকা মজুদ করে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পথিমধ্যে শ্রীনগরের হাষাড়া এলাকায় ট্রাকের গতিরোধ করে তল্লাশী চালায় হাইওয়ে পুলিশ।
এ সময় জাটকা জব্দ ও দু’জনকে আটক করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে হাষাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীনগরের সহকারী কমিশনার (ভূমি) সমরেন্দ্র নাথ বিশ্বাস আটক প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।
এমকে





