বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যঙ্গ করে গান তৈরির দায়ে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তন্ময় মল্লিক নামের ওই যুবককে একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার এ রায় দেন সাইবার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক এ কে এম সামসুল ইসলাম ।

সাইবার ট্রাইব্যুনাল গঠনের আট মাসের মাথায় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে করা মামলায় এই প্রথম কোনো আসামির দণ্ড দেওয়া হলো।

তন্ময় মল্লিকের বাড়ি খুলনার দাকোপ উপজেলার গুরকাঠি গ্রামে। বুধবার রায় ঘোষণার আগে আসামি তন্ময় মল্লিককে আদালতে হাজির করা হয়। রায়ে বলা হয়, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে গান রচনা করে আসামি তন্ময় মেমোরি কার্ডের মাধ্যমে তা প্রচার করেন। এটা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে অপরাধ। আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষে১০ জন সাক্ষ্য দেন। আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তন্ময়কে মল্লিককে সাত বছরের কারাদণ্ড দেওয়া হলো।
আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার এজাহার থেকে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান রচনার ঘটনায় খুলনার দাকোপ থানার তৎকালীন উপ-পরিদর্শক জয়নাল আবেদিন গত বছরের ২৬ অক্টোবর এ মামলা করেন। চলতি বছরের ১৯ মে ট্রাইব্যুনাল এ মামলায় অভিযোগ গঠন করেন।

২০১৩ সালের ১৯ আগস্ট শাস্তির মেয়াদ বাড়িয়ে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (সংশোধন) অধ্যাদেশের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। ২০০৬ সালের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাস্তি অপর্যাপ্ত ও অস্পষ্টতার পরিপ্রেক্ষিতে সংশোধিত আইনে ন্যূনতম সাত বছর ও সর্বোচ্চ ১৪ বছর কারাদণ্ডের বিধান রাখা হয়। আইনের ৬৮ ধারা অনুসারে চলতি বছরের ২৮ জানয়ারি এক প্রজ্ঞাপনের মাধ্যমে সাইবার অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়। এই ট্রাইব্যুনালে সারা দেশে ওই আইনে করা মামলার বিচার হয়ে থাকে।

ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ