রাজধানীর মগবাজারে তিন খুনের ঘটনায় সরাসরি জড়িত সিয়ামসহ ৬ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যা‌টালিয়ন র‌্যাব।

শুক্রবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তিনি টাইমনিউজবিডিকে বলেন,গ্রেফতারকৃত ছয় জন হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত ছিল। তাদের কাছ থেকে দু'টি পিস্তল ও তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব সদর দপ্তরে এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের অবহিত করা হবে বলে জানান মাহমুদ খান।

রেলের জমি নিয়ে বিরোধের জেরে গত ২৮ অগাস্ট রাতে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগে বৃষ্টি আক্তার ওরফে রানু (৩০), মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০) নামে তিনজন সন্ত্রাসীদের গুলিতে নিহত হন।

ওই ঘটনার পর বৃষ্টির ভাই মগবাজার রেলওয়ে ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম ওরফে কালা চাঁদ রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যাতে প্রধান আসামি করা হয়েছিল কালা বাবুকে।

ওই মামলার ১৫ আসামির মধ্যে চারজনকে এর আগে বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করে পুলিশ। এর মধ্যে মামলার প্রধান আসামি কালাবাবু ইতোমধ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

ঢাকা, জেইউ,২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসআর