সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সদ্য সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী কারাগারে ফের অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বুকের ব্যথা এবং ঘাড় থেকে কোমর পর্যন্ত ব্যথায় (ব্যাক পেইন) ভুগছেন বলে জানা গেছে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শনিবার বিকালে তাকে কারা কর্তৃপক্ষ হাসপাতালে ভর্তি করে।

সাবেক অর্থমন্ত্রী শাহ এএসএম কিবরিয়া হত্যা মামলায় আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ কারাগারে বন্দি ছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখান থেকে তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

প্রায় তিন সপ্তাহ আগে হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় আরিফুল হক চৌধুরীকে। শনিবার দুপুরে কারাগারে তিনি আবারও অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের নতুন ভবনের ১০ তলার ১০৫ নম্বর ভিআইপি কেবিনে অধ্যাপক ডা. এহসান মাহমুদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

জেএ