গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার ব্যবসায়ী শিপন কাজী ওরফে জুনুন হত্যা মামলার পাঁচ আসামিকে ফাঁসির আদেশ দিয়েছেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক এবিএম সাজিদুর রহমান এই রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- লেলিন শিকদার, মনির হোসেন, স্বপন মোল্লা, ওবায়দুল শেখ ও তপন কাজী।

মামলা সূত্রে জানা যায়, লেনিন শিকদারের সঙ্গে জুনুনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই সূত্রে লেনিনের বোনের সঙ্গে জুনুনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। লেনিন তাকে তার বোনকে বিয়ে করার প্রস্তাব দিলে জুনুন বিয়ে করতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে ২০০৬ সালের ৩০ জুলাই লেনিন ও তার সঙ্গীরা জুনুনকে কুপিয়ে হত্যা করেন।

পরে তার লাশ পানিতে ফেলে দেয়া হয়। পরের দিন ১ আগস্ট তার লাশ ভেসে ওঠে। এ ঘটনায় তার মা কাজী মরিয়ম বিবি বাদী হয়ে মকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এ হস্তান্তর করা হয়।

ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ