দেশবিরোধী ষড়যন্ত্রের মামলায় গ্রেফতারকৃত পটুয়াখালীর পাঁচজনকে আগামী ১ অক্টোবর হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এই পাঁচজন হলেন- ইটবাড়িয়া ইউনিয়নের গিলাবুনিয়া গ্রামের মো. এসহাক সিকদার (৮০), বল্লভপুর গ্রামের মো. সলেমান মৃধা (৯০), গলাচিপা গ্রামের ছত্তার প্যাদা (৭৫), একই এলাকার গণি হাওলাদার (৭০) ও আউয়াল মৌলভী (৭০)।
বুধবার রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি আনোয়ার উল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুলিশের আইজি ও সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ তাদেরকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান।
শুনানিতে তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পটুয়াখালীতে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধানে তদন্ত চলছে। ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্তে ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণে জড়িত থাকার তথ্য-প্রমাণ মিলেছে।
এর আগে গত ৬ সেপ্টেম্বর রাতে দেশবিরোধী ষড়যন্ত্রের মামলায় পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ওই পাঁচজনকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
এআর





