জামিন পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক, গুলশান ক্লাবের প্রেসিডেন্ট শওকত আজিজ রাসেল। তিনি ‘পারটেক্স গ্রুপ’র চেয়ারম্যান এমএ হাশেমের ছেলে।

আজ (১৯ নভেম্বর) মঙ্গলবার নারায়ণগঞ্জের একটি আদালতে মাদক এবং গুলি উদ্ধার মামলায় পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত রাসেল এই জামিন পেলেন।

নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদেরের আদালতে জামিন আবেদন করলে ৫ হাজার টাকা বন্ডে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে গত ৪ নভেম্বর হাইকোর্টের বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়ি থেকে মাদক ও গুলি উদ্ধারের ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পান শওকত আজিজ রাসেল।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, এ মামলায় শওকত আজিজ রাসেল হাইকোর্টের জামিনে ছিলেন। আজ হাইকোর্টের নির্দেশমতে নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। আদালত ৫ হাজার টাকা বন্ডে পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর শওকত আজিজ রাসেলের ব্যবহৃত বিলাসবহুল গাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক ও গুলি উদ্ধারের দাবি করে পুলিশ। ওই দিন গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গাড়িটি আটক করে তল্লাশি করা হয়। এসময় মাদক ও গুলি উদ্ধার করা হয় বলে জানানো হয়। গাড়িতে ছিলেন শওকত আজিজ রাসেলের স্ত্রী ফারাহ রাসেল ও ছেলে আনাব আজিজ।

এমবি