জয়পুরহাট পাঁচবিবি সড়কের পারুলিয়াতে দুই ব্যবসায়ীকে গুলি করে ৩৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এসময় দুর্বৃত্তদের ছোঁড়া গুলিতে মামুন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হন। গুরুতর আহত হন নারু মিয়া নামে আরেক ব্যবসায়ী।
রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে সদরের উত্তরা ব্যাংক থেকে ৩৫ লাখ টাকা উত্তোলন করে পাঁচবিবিতে যাওয়ার পথে জয়পুরহাট-পাঁচবিবি সড়কের পারুলিয়া নামক স্থানে কয়েকজন দুর্বৃত্ত ওই দুই ব্যবসায়ীকে গুলি করে। এসময় তাদের কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
আহত ব্যবসায়ীদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে মামুনের মৃত্যু হয়।
জয়পুরহাট গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক কাইয়ুম হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





