মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মাওলানা আবদুস সুবহানের রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
র্যাব, পুলিশ ও আর্মড পুলিশের ৩ হাজার নিরাপত্তারক্ষীর সমন্বয়ে তিন স্তরের একটি নিরাপত্তাপ্রাচীর তৈরি করা হয়েছে।
সুবহানের রায় ঘোষণাকে সামনে রেখে ট্রাইব্যুনাল এলাকায় জনসাধারণের প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে। বেশ কিছু চেকপোস্ট বসানো হয়েছে। এ ছাড়া রয়েছে অতিরিক্ত টহল পুলিশ। পাশাপাশি সাদাপোশাকের গোয়েন্দা সদস্যরা মাঠে রয়েছেন।
ট্রাইব্যুনালের আশপাশে প্রেসক্লাব, দোয়েল চত্বর, শিশু একাডেমীসহ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে শিক্ষা ভবনের সামনের একদিকের রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর থেকে ট্রাইব্যুনালের সবগুলো প্রবেশপথ, আশপাশের সব সড়ক ও পুরো এলাকায় কয়েক স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
রাজধানীর নিরাপত্তা বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। ট্রাইব্যুনাল এলাকাসহ সবখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল এলাকায় সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বিশেষ করে বিরোধী জোটের হরতাল-অবরোধ চলাকালে এই রায় ঘোষণার তারিখ হওয়ায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে।
জেএ





