ব্যবসায়ী নূরুল ইসলাম হত্যা মামলায় কবি, গীতিকার ও গায়ক শাহাবুদ্দীন নাগরী এবং নিহতের স্ত্রী নুরানী আক্তার সুমির ফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ রিমান্ডের আদেশ দেন।
মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি জোনাল টিমের ডিবি পুলিশের ইন্সপেক্টর রবিউল আলম গত ২৯ এপ্রিল ছয় দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। ওই দিন আদালত রিমান্ড শুনানির জন্য মঙ্গলবার দিন ঠিক করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, এটি একটি চাঞ্চল্যকর মামলা। মামলাটি প্রথমে নিউমার্কেট থানা পুলিশ তদন্ত করে। সে সময় এ দুই আসামিকে দুই দফায় রিমান্ডে নেয় পুলিশ। এরপর গত ২৮ এপ্রিল মামলাটির তদন্ত ডিবি পুলিশকে দেওয়া হয়।
মামলাটির ঘটনা ক্লুলেস ও খুবই রহস্যজনক। মামলার ঘটনায় প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য নেই। রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশের কাছে আংশিক তথ্য প্রদান করেছে। যা ঘটনার রহস্য উদঘাটনে সহায়ক হবে।
মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও এ ঘটনায় আরো কেউ জড়িত কি না তা জানতে আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।
অপরদিকে শাহাবুদ্দীন নাগরীর আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। তবে নুরানী আক্তার সুমির পক্ষে কোনো আইনজীবী ছিল না।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ১৭ এপ্রিল তাদের পাঁচ দিন এবং ২৩ এপ্রিল চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২৮ এপ্রিল তাদেরকে কারাগারে পাঠানো হয়।
প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল ব্যবসায়ী নূরুল ইসলামকে এলিফ্যান্ট রোডে নিজ বাসার বেডরুমের ফ্লোরে মৃত অবস্থায় পাওয়া যায়। পরের দিন নিহতের বোন শাহানা রহমান কাজল নিহতের স্ত্রী, স্ত্রীর বন্ধু শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাত কয়েকজনের নামে নিউমার্কেট থানায় হত্যা মামলা দায়ের করেন।
এমএনজে





