দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতি দমনের চেষ্টা করে যাচ্ছে। দুর্নীতি একেবারে নির্মূল করা সম্ভব হবে না, তবে আমরা চেষ্টা করবো যাতে দুর্নীতি সহনীয় পর্যায়ে রাখা যায়। দুর্নীতি দমন কমিশনের মাত্র এক হাজার কর্মচারী দিয়ে ১৬ কোটি অধ্যুষিত যে দেশ সে দেশের দুর্নীতির অল্প কিছু লোক দ্বারা দূর করা সম্ভব নয়।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী পৌর হলে জেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা সবাই দুর্নীতি মুক্ত থাকবেন একই সাথে দুর্নীতিবাজদের ঘৃণা করবেন। দুর্নীতি যাতে না হয় সে দিকে লক্ষ্য রাখবেন। অফিস আদালতে যেখানেই যান দুর্নীতিবাজদের প্রশ্রয় দিবেন না।

দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যান মো. বদিউজ্জামান আরো বলেন, যারা দুর্নীতি করে তারা এত শক্তিশালী যে তাদেরকে কবজ্বায় নিয়ে আসা অত্যন্ত কঠিন। যারা দুর্নীতির সাথে জড়িত তারা সমাজের উচ্চ পর্যায়ের। তাদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া খুব সহজ কাজ নয়। সেজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

এ সময় আরো বক্তব্য রাখেন, সাবেক সচিব একে.এম.আতাউর রহমান, চট্টগ্রাম বিভাগীয় দুর্নীতি চেয়ারম্যান আবদুল আজিজ ভুইয়া, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস।

কেএইচ