সারাদেশে চলমান পরিবহন ধর্মঘট বন্ধ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিবহন চলাচলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে চলমান ধর্মঘটের সঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না—তা জানতে চেয়েও রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চে বুধবার এক রিট আবেদনের শুনানি শেষে এ নির্দেশ দেওয়া হয়। এ সময় আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে রিট আবেদনে পরিবহন ধর্মঘট প্রত্যাহার না করলে মালিকদের লাইসেন্স বাতিলের নির্দেশনা চাওয়া হয়েছিল। এ ছাড়া অঘোষিত এ পরিবহন ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ মর্মে রুল জারির নির্দেশনা চাওয়া হয়েছিল।
২০১১ সালে মানিকগঞ্জে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুক মুনীরসহ পাঁচজন নিহতের ঘটনায় বাসচালক জামির হোসেনের যাবজ্জীবন সাজার প্রতিবাদে রোববার খুলনা বিভাগের ১০ জেলায় ধর্মঘট শুরু করে চালক-শ্রমিকরা। সোমবার প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা এলেও পরে শ্রমিকনেতারা কর্মসূচি বহাল রাখার কথা বলেন। সাভারে ট্রাকচাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার ট্রাকচালক মীর হোসেনের ফাঁসির রায় দেওয়া হয় ঢাকার আদালতে। এরপর মঙ্গলবার থেকে সারাদেশে বাস চলাচল বন্ধ করে দেয় শ্রমিকরা।
জারিফ





