রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে ২ জন জাল টাকা ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। এ সময় তাদের কাছ থেকে ৭০ হাজার টাকার জাল টাকা উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা ৭ টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আরিফ হোসেন(৩০) এবং মোঃ আশরাফ হোসেন(৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর গণমাধ্যম শাখার পরিচালক এ এসপি মারুফ আহমেদ।
তিনি জানান, আটককৃত আরিফ পেশায় একজন রাজমিস্ত্রি। রায়ের বাগের আলাল নামে একজন জাল টাকা ব্যবসায়ীর সাথে পরিচয় হলে জাল টাকা ব্যবসার প্রতি তার আগ্রহ বেড়ে যায়। তাই সে অধিক লাভের আশায় সে নতুনভাবে এ ব্যবসার সাথে জড়িয়ে পরে।
অন্যজন আশরাফ হোসেনের বাড়ি বি-বাড়িয়ায়। ঢাকার বৌ বাজারে তার বাসা। সে অতি তাড়াতাড়ি বড় লোক হওয়ার আশায় জাল টাকা ব্যবসার সাথে জড়িয়ে পরে বলে র্যাব সূত্রে জানা যায়।
র্যাব সূত্রে আরো জানা যায়, জাল টাকা ব্যবসায়ে তারা তৈরী থেকে শুরু করে বাজারজাত করা পর্যন্ত সব কাজই তাদের মাধ্যমে সরবরাহ করা হতো।
এ ক্ষেত্রে তা সরবরাহ করতে তারা ৩টি স্তর অনুসরণ করতো। প্রথমে জাল টাকা তৈরী করে পাইকারী ব্যবসায়ীদের কাছে প্রতি ১ লাখ টাকার বিনিময়ে ৩০-৪৫ হাজার টাকা নেয়া হতো। পরে পাইকারী ব্যবসায়ীরা তা প্রতি লাখে খুচরা বিক্রেতার কাছ থেকে ৬০-৭০ হাজার টাকা নেয়া হতো।
পরবর্তিতে খুচরা বিক্রেতারা রাজধানীর সদর ঘাট, গুলিস্থান, কাওরাণ বাজার, ফার্মগেট এবং গাবতলীতে সুকৌশলে এ জাল টাকা বিক্রি করে থাকে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে বলে র্যাব সূত্রে জানা যায়।
জেইউ/এসএইচ





