স্থানীয় সরকার বিভাগের চট্টগ্রামের পটিয়া উপজেলার প্রকৌশলী জিয়াউল হক দুলালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বুধবার (১৩ এপ্রিল) চট্টগ্রাম মহানগর হাকিম আব্দুল কাদের তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
এর আগে দুপুরে নগরীর আগ্রাবাদ বাদামতল এলাকা থেকে জিয়াউলকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি টিম।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রকৌশলী থাকাকালে ২০১৩-১৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ১৬ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে গত ৮ মার্চ সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করেছিল দুদক।
ওই মামলায় গ্রেফতারের পর জিয়াউলকে পরোয়ানামূলে বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়ার পাশাপাশি আদেশের কপি বাঘাইছড়ি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানোর আদেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
ওএফ





