শিল্পপতি আবদুল কাদের হত্যা মামলায় হাইকোর্টে খালাসপ্রাপ্ত মোবাইল কাদেরকে যাবজ্জীবন দণ্ড দিয়েছেন আপিল বিভাগ।
বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ রায় দেন। যাবজ্জীবন ছাড়াও মোবাইল কাদেরকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেন আদালত। এর আগে মোবাইল কাদেরকে বিচারিক আদালত ফাঁসির দণ্ডাদেশ দেন।
আদালতে বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মহসীন রশীদ। তাকে সহায়তা করেন ব্যারিস্টার এ এস এম মনিরুল আলম। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার, মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সোহরাওয়ার্দী।
২০০১ সালের ১৭ অক্টোবর বিকেলে রাজধানীর মতিঝিলের ৫১ নম্বর আক্তার চেম্বারের দ্বিতীয় তলায় সোনারগাঁও চিংড়ি প্রকল্পের কার্যালয়ে ঢুকে বিশিষ্ট ব্যবসায়ী আবদুল কাদেরকে গুলি করে হত্যা করে কয়েকজন সন্ত্রাসী।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]