অবশেষে প্রতারক শরীফুল ইসলাম শরীফের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
শিগগিরই দুদকের অনুসন্ধানী কর্মকর্তা ও উপ-পরিচালক মোঃ হামিদুল হাসান বাদী হয়ে প্রতারক শরীফুল ইসলাম শরীফের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করবেন।
আর এ মামলার সম্ভাব্য আসামিরা হলেন, শরীফুল ইসলাম শরীফ, কবিরুল ইসলাম, আনোয়ার সাদাত, মোঃ মিন্টু এবং ক্রসওয়ার্ল্ডের চাকরিচ্যুত কর্মকর্তা ফিরোজ আহমেদ। একই সঙ্গে অপর দুই কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন ও ইশরাত জাহানের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। তবে দুদকের মামলায় ব্যাংকের কোনো কর্মকর্তাকে আসামি করা হচ্ছে না বলে জানা যায়।
সূত্র মতে, সাউথ-ইস্ট ব্যাংকের প্রগতি সরণি শাখায় ভুয়া একাউন্ট খুলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের ২ কোটি ৫১ লাখ ৬৮ হাজার ৮৬৬ টাকা হাতিয়ে নিয়েছিলেন শরীফ। দুদক অনুসন্ধানে নামে এবং ঘটনার সত্যতা খুঁজে পায়। সিআইডিও তার বিষয়ে অনুসন্ধানে নামে।
বৈদ্যুতিক জেনারেটর ও জেনারেটরের খুচরা সরঞ্জামাদি বিক্রয় প্রতিষ্ঠান ‘ক্রস ওয়ার্ল্ড পাওয়ার লিঃ’র নামে ভুয়া একাউন্ট খুলে পেশাদার প্রতারক শরীফুল ইসলাম শরীফ আড়াই কোটি টাকারও বেশি হাতিয়ে নেয়। কোনো যাচাই-বাছাই ছাড়া একাউন্ট খোলায় ব্যাংকের এসভিপি মহুয়া আলীকে চাকরিচ্যুত করে ব্যাংক কর্তৃপক্ষ।
একে/ইআর





