রাজধানীর কারওয়ান বাজার থেকে অপহৃত দুই সবজি ব্যবসায়ীকে জামালপুরের ইসলামপুর থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃতরা হলেন- শাহাবুল মোল্লা ও আল আমিন। তাদের দুইজনের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর গ্রামে।
তারা দুইজনই রাজধানীর কারওয়ান বাজারে সবজি ব্যবসার সঙ্গে জড়িত।
জামালপুরের পুলিশ সুপার (এসপি) নজরুল ইসলাম বুধবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে জানান, রাজধানীর কারওয়ান বাজারের সবজি ব্যবসায়ী আবদুল মালেকের নেতৃত্বে একটি দল বেড়ানোর কথা বলে শাহাবুল মোল্ল্যা ও আল আমিনকে ইসলামপুরের কাউনিয়ার চরে নিয়ে আসে। এরপর একটি ঘরে আটক রেখে মুক্তিপণ হিসেবে পরিবারের সদস্যদের কাছে পাঁচ লাখ টাকা দাবি করে।
অপহরণ ও মুক্তিপণ দাবির বিষয়টি স্বজনরা জামালপুরের পুলিশকে জানালে বুধবার সন্ধ্যায় পুলিশের একটি দল ইসলামপুরের কাউনিয়ার চরে অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। এ সময় পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ





