নারায়ণগঞ্জে সাতজনকে অপহরণের পর হত্যার ঘটনায় র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক তারেক সাঈদ ও অপর দুই ঊর্ধ্বতন কর্মকর্তা আরিফ ও এসএম রানা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে তদন্তে উঠে এসেছে।

এ তিন কর্মকর্তা ছাড়া অতিরিক্ত আরও ২৪ জন বিভিন্ন শ্রেণীর র‌্যাব কর্মকর্তা এ হত্যাকাণ্ডে সাহায্য করেছে বলে হাইকোর্টের নির্দেশে র‌্যাবের করা চূড়ান্ত তদন্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

২৩ নভেম্বর র‌্যাবের পক্ষ থেকে আদালতে দাখিল করার জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

১০ ডিসেম্বর বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দচন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ প্রতিবেদন দাখিল করা হবে।

এর আগে গত ১৮ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি কর্তৃক তদন্তের অগ্রগতি প্রতিবেদন চতুর্থবারের মতো হাইকোর্টে দাখিল করা হয়েছে।

তদন্ত প্রতিবেদন দেখে ১০ ডিসেম্বর এ বিষয়ে করণীয় সম্পর্কে পরবর্তী আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন আদালত।

এ ছাড়া সাত খুনের মামলার তদন্ত থেকে সিআইডিকে বাদ দিতে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে করা আবেদনের বিষয়ে আদেশের কপিও আদালতে দাখিল করতে বলা হয়েছে।

সবকিছু দেখে ১০ ডিসেম্বর আদেশ দিবে হাইকোর্টের এ বেঞ্চ।

এর আগে এ ঘটনায় আরও তিনবার তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করেছে মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।

৫ মে নারায়ণগঞ্জের ঘটনায় র‌্যাবের কোনো সাবেক বা বর্তমান সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

বিভিন্ন পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এ্যাডভোকেট শামিম সরদার আদালতের নজরে আনলে স্বপ্রণোদিত হয়ে বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আইন মন্ত্রণালয়ের দুজন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুজন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুজনসহ সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন আদালত।

এ ঘটনায় সরকারি কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা তার সার্বিক তদন্ত করে আগামী সাতদিনের মধ্যে অগ্রগতি প্রতিবেদন আদালতে জমা দিতে তদন্ত কমিটিকে বলা হয়েছিল।

আদালত আদেশে আরও বলেন, এ ঘটনায় দায়ের করা মামলায় র‌্যাব কোনো তদন্ত করতে পারবে না। এ ছাড়া ডিবির পাশাপাশি সিআইডিকেও মামলার তদন্ত করতে বলা হয়েছে।

র‌্যাবের বিরুদ্ধে আসা ছয় কোটি টাকা নিয়ে হত্যাকাণ্ড করাসহ এ ঘটনায় র‌্যাবের কোনো সদস্যের সংশ্লিষ্টতা আছে কিনা তা তদন্ত করতে র‌্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী শামিম সরদার।

একই সঙ্গে এ মামলার সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে।

জেএ