মুন্সীগঞ্জে মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬ এর মালিকের ছেলে ওমর ফারুক লিমনকে (২৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ জুলহাস সাত দিনের রিমান্ড আবেদন করে শনিবার দুপুর ২টায় তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করেন।

আগামী সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন লৌহজং আমলি আদালতের বিচারক জাহানারা ফেরদৌস।

মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ এমএল পিনাক-৬ এর মালিকের ছেলে ওমর ফারুক লিমনকে (২৭) গ্রেফতারের পর শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের লৌহজং থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১১ সদস্যরা।

এ নিয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চের মালিক ও ছেলে দুই জনকেই গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার বিকেল ৪টার দিকে র‌্যাব-১১ লঞ্চ মালিকের ছেলে লিমনকে লৌহজং থানায় হস্তান্তর করে বলে নিশ্চিত করেছেন ওসি তোফাজ্জল হোসেন।

তিনি জানান, লঞ্চ মালিক আবু বকর সিদ্দিক কালুর ছেলে লিমন লঞ্চডুবির মামলার এজাহারভুক্ত ৩ নম্বর আসামি। তাকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর খিলক্ষেতের একটি বাসা থেকে গ্রেফতার করে র‌্যাব।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাওয়ায় পদ্মায় এমএল পিনাক-৬ লঞ্চ ডুবির ঘটনা ঘটে। এ পর্যন্ত ৪৯ জনের মৃতদেহ উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন ৬১ জন।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ