রাজধানীর যাত্রাবাড়ীতে কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে কুতুবখালীর এক বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তার ফয়সাল, শাহাদাত ও বাবু ওই এলাকার বাসিন্দা।

যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার এসআই এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই এমরানুল বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকা থেকে কলেজ পড়ুয়া এক তরুণী তার এক ছেলে বন্ধুকে সঙ্গে করে কুতুবখালীতে এক পরিচিতের বাসায় আসেন।

ওই সময় এলাকার বখাটে তিন যুবক ওই বাসায় ঢুকে তার ছেলে বন্ধুকে আটকে তরুণীকে ধর্ষণ করে।

তরুণীর চিৎকার ও হৈ চৈয়ে আশপাশের লোকজন জড়ো হতে থাকে। পুলিশ খবর পেয়ে ওই বাসা থেকে মেয়েটিকে উদ্ধার করে তিন যুবককে ধরে আনে।

পরে ওই তরুণী থানায় এসে তিনজনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন বলে জানান তিনি।

মেডিকেল পরীক্ষার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এআই