রাজধানীর কদমতলীর শ্যামপুরে জনতা ব্যাংকে এক ব্যক্তিকে মারধর করে ১৮ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা। ঘটনাটি ঘটেছে ব্যাংকের সিড়িতে। ছিনতাইয়ের শিকার হারুনুর রশিদ বেক্সিমকো'র কর্মকর্তা।
১৮ লাখ টাকা ছিনিয়ে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
রোববার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
শ্যামপুরে ১৮ লাখ টাকা ঠিনতাইয়ের ঘটনাটি যখন ঘটে ঠিক একই সময়ে পৃথক ঘটনায় ৮ ছিনতাইকারী ও অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে দাবি করে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং চলছিল।
কদমতলী থানার ওসি আব্দুস সালাম মিয়া জানান, রোববার বেলা ১২টার দিকে তারা খবর পান যে জনতা ব্যাংক শ্যামপুর শাখায় একটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সিড়ি দিয়ে উঠার সময় লাঠি দিয়ে মারধর করে টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
তিনি আরো বলেন, এ ঘটনায় কাউকে আটক বা গ্রেফতার করা যায়নি। ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
জেইউ/এএইচ





