মাওয়ার পদ্মায় ডুবে যাওয়া পিনাক-৬ লঞ্চের মালিকের ছেলে ওমর ফারুক লিমন (২৭)-কে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার দুপুর ২টার দিকে ৭দিনের রিমান্ড আবেদনসহ তাকে মুন্সীগঞ্জ আদালতে হাজির করে লৌহজং থানার পুলিশ।

মুন্সীগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আমলি আদালতের বিচারক জাহানারা ফেরদৌস সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য রেখে লিমনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। পরে বিকাল ৪টায় মুন্সীগঞ্জ কোর্ট পুলিশ তাকে জেলা কারাগারে পাঠায়।

ফলে এমএল পিনাক-৬ লঞ্চের মালিক আবু বক্কর সিদ্দিক ও তার ছেলে লিমনের রিমান্ড শুনানি একই দিন সোমবার।

এ তথ্য নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট ইন্সপেক্টর মো. কুদ্দুসুর রহমান।

তিনি জানান, সরকারি ছুটির দিন থাকায় গ্রেপ্তারকৃত লিমনের রিমান্ড শুনানি হয়নি।

লৌহজং থানার ওসি মো. তোফাজ্জেল হোসেন জানান, শুক্রবার ভোররাতে লঞ্চ ডুবি মামলার এজাহারভুক্ত ৩ নং আসামি লিমনকে র্যামবের একটি টিম রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার একই দিন বিকাল ৩টায় লৌহজং থানায় হস্তান্তর করেছে র্যানব-১। লিমন লঞ্চের তত্ত্বাবধায়ক ছাড়াও লঞ্চের টিকিট কাটার কাজও করতেন। মামলার তদন্তের স্বার্থে এবং বাকি পলাতকদের সন্ধান নিতে রিমান্ড আবেদন করা হয়েছে।

এর আগে গত ১৩ আগস্ট রাতে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকা থেকে পিনাক-৬ লঞ্চের মালিক আবু বক্কর সিদ্দিককে গ্রেপ্তার ১৪ আগস্ট রাত ৭টায় কালুকে লৌহজং থানায় হস্তান্তর করে র্যাসব-৭। পরদিন ১৫ আগস্ট ৭ দিনের রিমান্ড চেয়ে তাকে মুন্সীগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। মুন্সীগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নং আমলি আদালতের বিচারক মো. হারুন-অর রশীদ ১৮ আগস্ট (সোমবার) রিমান্ড শুনানির দিন ধার্য রেখে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে কাওড়াকান্দি থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের মাওয়ায় আসার পথে মাঝপদ্মায় ঢেউয়ের তোড়ে ডুবে যায় পিনাক-৬। এ দুর্ঘটনায় ৪৯ জন যাত্রীর লাশ উদ্ধার হয়েছে। সরকারি হিসাবে এখনও নিখোঁজ রয়েছে ৫৮ যাত্রী।

লঞ্চডুবির পরদিন ৫ আগস্ট বিআইডব্লিউটিএ’র এসআই জাহাঙ্গীর হোসেন ভুইয়া বাদী হয়ে লঞ্চের মালিক লৌহজং উপজেলার মেদেনীমন্ডলের আবু বক্কর সিদ্দিক কালু, ছেলে মো. ওমর ফারুক লিমন, লঞ্চের চালক নবী ও কাওড়াকান্দি ঘাট পরিচালনাকারী আব্দুল হাই সিকদারসহ ৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। লঞ্চটির মালিক ও মালিকের ছেলেকে র্যা ব গ্রেপ্তার করতে পারলেও এখনও মামলার ৪ জন আসামি পলাতক রয়েছে।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ