রাজধানীর আশুলিয়া ও পল্টন এলাকা থেকে ২৫ লাখ টাকার সমমূল্যের জাল স্ট্যাম্প, কোর্ট ফি ও জাল স্ট্যাম্প তৈরীর সরঞ্জামসহ ২ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ(পূর্ব)।

গ্রেফতারকৃতরা হলো- কাজী তোফায়েল ও নাসির উদ্দিন দুলাল।

শনিবার দিবাগত রাতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা ও ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুমকুমারী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গতকাল (শনিবার) পল্টন মডেল থানাধীন বায়তুল মোকাররম মসজিদের উত্তর পার্শ্বে অবস্থানরত আসামী কাজী তোফায়েলকে জাল স্ট্যাম্প ও জাল কোর্ট ফিসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী কাজী তোফায়েল এর দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন কুমকুমারী এলাকায় অভিযান পরিচালনা করে অপর আসামী নাসির উদ্দিন দুলালকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে জাল রাজস্ব স্ট্যাম্প ও জাল কোর্ট ফি ও বিভিন্ন সরঞ্জামাদিসহ উদ্ধার করা হয়।

এসময় নাসির উদ্দিন দুলালের সাথে থাকা অপর ৪/৫ জন সহযোগী আসামীরা পালিয়ে যায়।

মুনতাসিরুল ইসলাম আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা দীর্ঘদিন যাবত সংঘবদ্ধভাবে জাল স্ট্যাম্প তৈরি, ক্রয় ও বিক্রয় করে আসছিল।

গোয়েন্দা ও অপরাধতথ্য (পূর্ব) বিভাগের ডিসি মোঃ মাহবুব আলমের নির্দেশনায় এডিসি খন্দকার নুরুন্নবী এর তত্ত্বাবধানে ও সহকারী পুলিশ কমিশনার জুয়েল রানার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এআই/