তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেন জামিন পেয়েছেন বলে জানিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু। আগামী রবি-সোমবারের মধ্যে তিনি মুক্তি পেতে পারেন বলেও জানান প্রতিমন্ত্রী।
বৃহস্পতিবার একটি বেসরকারি টিভি চ্যানেলকে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, “তোবা গ্রুপের মালিক দেলোয়ার হোসেনের জামিন হয়েছে। আশা করছি, আগামী রোববার-সোমবারের মধ্যে তিনি যদি মুক্ত হয়ে আসেন, তাহলে সমস্যাটা সমাধান হয়ে যাবে।’ একই সঙ্গে তিনি সরকারের পক্ষ থেকে শ্রমিকদের অনশন প্রত্যাহারের অনুরোধ করেন।
মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, বিজিএমইএ ও তোবা গ্রুপের কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছিলেন, ঈদের আগেই শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন। কিন্তু পরিশোধ হয়নি। তিনি বলেন, “আমার দৃঢ় বিশ্বাস, রোববার-সোমবারের মধ্যে দেলোয়ার হোসেন নিশ্চয়ই মুক্ত হবেন। জেল থেকে বেরিয়ে এলেই শ্রমিকদের পাওনা পরিশোধের ব্যবস্থা হবে। আর যদি না করেন, তবে সরকার পক্ষ থেকে যেসব আইনি ব্যবস্থা নেয়া দরকার, সবই করা হবে।”
এদিকে, বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে চার দিন ধরে অনশন করছেন তোবা গ্রুপের পাঁচ কারখানার এক হাজার ৬০০ জন পোশাকশ্রমিক। টানা অনশনে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৮৪ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে ১০ শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনশনে থাকা পোশাকশ্রমিকেরা বলছেন, দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।
তোবা গ্রুপের প্রতিষ্ঠান তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনায় করা মামলায় দেলোয়ার হোসেন কারাগারে আটক আছেন।
ঢাকা, ১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ





