ছাত্রলীগ নেতা বদরুলের কোপের আঘাতে গুরুতর আহত সিলেটের কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসের দুই হাতে অস্ত্রোপচার করেছেন চিকিৎসকরা।

আজ সোমবার রাজধানীর স্কয়ার হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক মেজবাহ উদ্দিন আহমেদ খাদিজার দুই হাতে অস্ত্রোপচার করেন।

স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের কনসালট্যান্ট ও ডেপুটি মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিম উদ্দিন এ তথ্য জানান।

গতকাল রোববার সকালে খাদিজাকে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) থেকে ‘হাই ডিপেনডিসি ইউনিটে (এইচডিইউ)’ স্থানান্তর করা হয়। খাদিজার শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে উপর্যুপরি কুপিয়ে জখম করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১ নম্বর সহসম্পাদক বদরুল আলম।

আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরের দিন খাদিজাকে স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। তখনই খাদিজাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়। সেই থেকে এখন পর্যন্ত খাদিজা স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে খাদিজার ওপর হামলার ঘটনার সময় উপস্থিত লোকজন বদরুলকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় বদরুলকে একমাত্র আসামি করে মামলা করেন খাদিজার চাচা।

বদরুল খাদিজাকে হত্যার চেষ্টার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এমবি