মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচারধীন জাতীয় পার্টির সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সারের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন অব্যাহত রয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে আইনজীবী এএসএম শাহজাহান আজও যুক্তিতর্ক পেশ করেন।

প্রসিকিউটর রানা দাস গুপ্ত জানান, আসামির বিরুদ্ধে আনীত ১৬ টি অভিযোগের মধ্যে আসামিপক্ষ এ পর্যন্ত ১৫টি অভিযোগ বিষয়ে তাদের যুক্তিতর্ক পেশ করেছে। মামলার কার্যক্রম কাল মঙ্গলবার পুনরায় শুরু হবে।

কায়সারের বিরুদ্ধে মামলায় প্রসিকিউশন গত ৭ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেছে। প্রসিকিউটর তুরিন আফরোজ ও রানা দাস গুপ্ত যুক্তিতর্ক পেশ করেন। মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা ও ধর্ষণের দায়ে কায়সারের সর্বো”চ শাস্তির দাবি জানিয়েছে প্রসিকিউশন। এ মামলার ৩২তম ও শেষ সাক্ষি তদন্তকারী কর্মকর্তা (আইও) মনোয়ারা বেগমকে আসামিপক্ষের জেরা শেষে গত ২৩ জুলাই প্রসিকিউশন যুক্তিতর্ক উপস্থাপন শুরু করে ৭ আগস্ট শেষ করে। এরপর থেকে আসামি পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু হয়।

প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেন, অভিযুক্ত কায়সারের বিরুদ্ধে মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে। আসামিপক্ষ তার কোনটি অস্বীকার করেননি। তিনি বলেন, শৈশব এবং কৈশোরে সৈয়দ কায়সার তার বাবা সৈয়দ আলী এবং মামা মনজুর আলীর কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন তার ধারাবাহিকতায় ১৯৭০ সালের নির্বাচনে মুসলীম লীগ থেকে মনোনয়ন না পেলেও ছয় দফা আন্দোলনের বিরোধিতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তারই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের সময় তিনি অপরাধ সংঘটিত করেন। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় কায়সারের বয়স ছিল ৩০ থেকে ৩৫ বছর। কায়সারের বাবা ও মামা ১৯৬৫ সালে প্রাদেশিক সরকারের সদস্য ছিলেন এবং তার বাবা এবং মামার প্রভাবে এলাকার সকলে তাদের পরিবার ও কায়সারের ভয়ে তটস্ত ছিল।

সৈয়দ কায়সারের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ২ ফেব্রুয়ারি অভিযোগ গঠন করা হয়। কায়সারের বিরুদ্ধে গণহত্যার একটি, হত্যা, নির্যাতন, অগ্নিসংযোগ ও লুণ্ঠনের ১৩টি এবং ধর্ষণের দু’টিসহ মোট ১৬টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গত বছরের ১৪ নভেম্বর তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয়া হয়।

গত বছরের ৫ আগস্ট শর্তসাপেক্ষে জামিন পেয়ে বর্তমানে রাজধানীতে ছেলের বাসায় রয়েছেন কায়সার। কায়সার হচ্ছে দ্বিতীয় কোনো আসামী শর্ত সাপেক্ষে জামিন পেলেন। এর আগে বিএনপি নেতা আব্দুল আলীম শর্ত সাপেক্ষে জামিন পেয়েছিলেন।

ঢাকা, কেএ, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম