জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের বিরুদ্ধে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা লিভ টু আপিলের শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে।
মঙ্গলবার চেম্বার বিচারপতি আব্দুল ওয়াহহাব মিয়া লিভ টু আপিল আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে দেন। আগামী ২৬ নভেম্বর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে নিয়মিত বেঞ্চে শুনানির দিন নির্ধারিত হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। এছাড়া তার পক্ষে খন্দকার মাহবুব হোসেন ও ব্যারিস্টার এহসানুর রহমান উপস্থিত ছিলেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের আইনজীবী খোরশেদ আলম খান উপস্থিত ছিলেন।
আদালত থেকে বের হয়ে খালেদার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, আদালত লিভ টু আপিলের শুনানির জন্য দিন ধার্য্য করে দিয়েছেন। বিচারিক আদালতে এ মামলার কার্যক্রম পরিচালনার জন্য অ্যাটর্নি জেনারেল আর্জি জানিয়েছিলেন। কিন্তু চেম্বার বিচারপতি এ ব্যাপারে কোনো আদেশ দেননি। ফলে আপিল বিভাগে নিষ্পত্তি হওয়ার আগে নিম্ন আদালতে এ মামলা চলার কোনো সুযোগ নেই।
এর আগে গত ৯ অক্টোবর চেম্বার বিচারপতি নাজমুন আরা সুলতানা এ মামলায় কোনো আদেশ না দিয়েই পাসওভার করে দিয়েছিলেন।
এ মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে আপিল করেছিলেন তার আইনজীবীরা।
গত ৭ জুলাই সুপ্রীম কোর্টের সংশ্লিষ্ট শাখায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে পর্যায়ক্রমে দুটি আবেদন করেন তার আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
আপিলে হাইকোর্টের আদেশ, নিম্ন আদালতের দেওয়া আদেশ ও খালেদা জিয়ার বিরুদ্ধে গঠন করা অভিযোগ বাতিলের আবেদন করা হয়েছে।
এর আগে গত ২৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন সংক্রান্ত আদেশ বাতিল চেয়ে করা আবেদন খারিজ করে দেন।
গত ১৯ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ফান্ড মামলায় অভিযোগ গঠন করে ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক বাসুদেব রায়।
কেএ/এএইচ





