পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া মো.শাহজাহানকে আবারও তিনদিনের রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২১ জুলাই) চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, শাহজাহানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন জানিয়েছিলেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিনদিন মঞ্জুর করেছেন।

একই মামলায় গত ১৭ জুলাই শাহজাহানসহ তিনজনকে প্রথম দফায় জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমাণ্ড মঞ্জুর করেছিল আদালত।

তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (দক্ষিণ) মো.কামরুজ্জামান বলেন, শাহজাহান, এহতেশামুল হক ভোলা ও সাঈদুল ইসলাম সাকুকে জিজ্ঞাসাবাদের জন্য রিমাণ্ডে নেয়ার অনুমতি দিয়েছিল আদালত। আমরা শুধু শাহজাহানকে তিনদিন রিমাণ্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। আরও তথ্য পাওয়ার জন্য তাকে আবারও রিমাণ্ডে চেয়েছি।

মিতু হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এহতেশামুল হক ভোলা সরবরাহ করেছিল বলে পুলিশের কাছে তথ্য আছে।

শাহজাহান কিলিং মিশনে অংশ নিয়েছিল এবং সাকু হত্যাকাণ্ডে জড়িত মুছার ভাই হিসেবে মামলার সঙ্গে সম্পৃক্ত বলে সন্দেহ পুলিশের।

২৮ জুন ভোলাকে গ্রেফতারের কথা ‍জানায় পুলিশ। এর আগে ২৪ জুন শাহজাহান ও সাকুকে গ্রেফতারের কথা জানায় পুলিশ।

গত ৫ জুন সকালে নগরীর ও আর নিজাম রোডের বাসা থেকে বেরিয়ে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে বাসার অদূরে মিতুকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় বাবুল আক্তার নিজে বাদি হয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওএফ