সিলেটের বিয়ানীবাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বড় ভাইকে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। বুধবার রাতে উপজেলার দেউলগ্রামে এই ঘটনা ঘটে।
নিহত হারুন মিয়া (৩০) ওই গ্রামের মোল্লাবাড়ির বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে। খুন করে পালানোর সময় ঘাতক ছোট ভাই মামুন মিয়াকে (২৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির জের ধরে বুধবার সন্ধ্যায় বাড়িতে গোসল করার সময় বড় ভাই হারুন মিয়ার উপর হামলা করে মামুন। একটি ছোরা দিয়ে হারুনকে কুপিয়ে রক্তাক্ত করে পালানোর চেষ্টাকালে এলাকাবাসী তাকে আটক কর।
গুরুতর অবস্থায় হারুন মিয়াকে উদ্ধার করে রাত ৮টায় বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে বিয়ানীবাজার থানা পুলিশ জানায়, প্রায় বছর খানেক আগে যুক্তরাজ্য থেকে দেশে ফিরে আসে মামুন। বুধবার বিকেলে গাছের চারা রোপন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে বাড়িতে আসলে হারুনকে দেখে নেবে বলে হুমকি দেয় মামুন। বাড়ি ফেরার পর হারুন গোসল করতে গেলে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তাকে খুন করে।
বিয়ানীবাজার থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে রাতে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





