কাদের সিদ্দিকীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারের করা মানহানি মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার মামলার বাদী আদালতে হাজির হয়েছেন।
আজ ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ আদালতে উপস্থিত হয়ে তিনি কারণ ব্যাখা করে একটি আবেদন জমা দেন। এসময় তিনি মামলাটি প্রত্যাহার করবে বলে মৌখিকভাবে জানান। তবে মামলা প্রত্যাহারের কারণ সম্পর্কে তিনি কিছু জানাননি।
আজ অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল।কিন্তু প্রতিবেদন দাখিল না করতে পারায় পরবর্তী ১২ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
গত ১১ নভেম্বর কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একই সঙ্গে মামলার বাদীকেও অনুপস্থিত থাকার কারণ ব্যাখা করার নির্দেশ দিয়েছিলেন।
আওয়ামী লীগ নেতা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরকে ‘রাজাকার’বলায় মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদারের দায়ের করা মামলায় এ পরোয়ানা জারি করা হয়।
কাদের সিদ্দিকী দীর্ঘদিন আদালতে হাজির না হওয়ার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে এই পরোয়ানা জারি করা হয়। কাদের সিদ্দিকীর বিরুদ্ধে গত ১১ নভেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কিন্তু তিনি হাজির না হওয়ায় আদালত এ আদেশ দিয়েছিলেন।
মামলায় অভিযোগ করা হয়, কাদের সিদ্দিকী প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরকে উদ্দেশ করে বলেছিলেন, ‘তিনি রাজাকার হয়ে যুদ্ধাপরাধীদের বিচার কীভাবে করছেন?’
কাদের সিদ্দিকীর ওই বক্তব্যের কারণে ২০১৩ সালের ১৯ ফেব্রুয়ারি মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন।
ইআর
-





