চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাসে ককটেল হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীসহ ৭ শিবির কর্মীর দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু সালেহ মোহাম্মদ নোমান রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আসামিদের জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন।

জেলা কোর্ট পরিদর্শক উনু মং বলেন, গ্রেপ্তার ওই সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আজ আদালতে রিমান্ডের আবেদন করেন হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাকিম।

এর মধ্যে মামলার আসামি মোস্তফা কামাল ও ইমাম হোসেনকে পাঁচ দিন এবং ইউসুফ, তৌহিদুল ইসলাম, কামরুল বারাসাত, মামুন কাজী ও শাহ আলমকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন।

গ্রেপ্তার হ​ওয়া ব্যক্তিদের মধ্যে শাহ আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কলেজ পরিদর্শক দপ্তরের পিয়ন।

গত বুধবার হাটহাজারীর ছড়ারকুল এলাকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বহনকারী একটি বাসে ককটেল হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকজন শিক্ষক আহত হন। ঘটনার দিন রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের কর্মকর্তা রবিউল আলম বাদী হয়ে হাটহাজারী থানায় বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ ও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেন।

ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ