নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচনোত্তর সহিংসতা এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িঘরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা চারটি মামলায় স্থানীয় বিএনপির ৭২ নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

সোমবার দুপুরে অভিযুক্তরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক মো. লিয়াকত আলী মোল্লা তাদের জামিন নামঞ্জুর করেন।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, চলতি বছরের ২৩ মার্চ জেলার বড়াইগ্রাম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে বিএনপি ও জামায়াত প্রার্থীরা বিজয়ী হন। নির্বাচনের পর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা আওয়ামী লীগ নেতাকর্মীদের ১৭টি বাড়িঘরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ এনে ১২১ জনের বিরুদ্ধে আওয়ামী লীগের পক্ষ থেকে চারটি মামলা দায়ের করা হয়।

মামলার প্রেক্ষিতে সোমবার অভিযুক্তদের মধ্যে ৭২ জন আদালতে জামিন নিতে এলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেককে জেলহাজতে পাঠানোর আদেশ দেন। ১২১ জনের বিরুদ্ধে চারটি মামলা হলেও অনেকেই চারটি মামলার আসামি হওয়ায় চার মামলায় মোট অভিযুক্ত নেতা-কর্মীর সংখ্যা ৭২ জন।

ঢাকা, ২৫ আগস্ট, টাইমনিউজহবিডি.কম, জেআই