র্যাবের পর এবার ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। চাঁদাবাজি ও মিথ্যা মামলা দিয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগে এই মামলা করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলার শিবপুর গ্রামের নকুল সূত্রধরের স্ত্রী লনী সূত্রধর বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেন।
সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মনিরা সুলতানা মামলাটি আমলে নিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি তদন্ত করে ২০ আগস্টের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করার আদেশ দেন।
মামলার বরাত দিয়ে বাদী পক্ষের আইনজীবী নিজাম উদ্দিন খান রানা বলেন, শিবপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সামছুল হক দীর্ঘদিন ধরে লনী সূত্রধরদের জমিজমা দখল করার চেষ্টা করে আসছেন। এ চেষ্টায় ব্যর্থ হয়ে তিনি ২৮ মে এসআই শফিকের মাধ্যমে লনীর ছেলে মিঠুন সূত্রধরকে আটক করে পুলিশ ফাঁড়িতে নেওয়ার ব্যবস্থা করেন।
সেখানে মিঠুনকে দু’দিন আটকে রেখে নির্যাতন করা হয়। এরপর তাকে ছাড়তে লনীদের কাছে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে মিঠুনের পরিবার টাকা দিতে ব্যর্থ হওয়ায় মিঠুনের বিরুদ্ধে চুরির মামলা দিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। এসব অন্যায় আচরণের অভিযোগে লনী তাদের বিরুদ্ধে মামলা করেন।
ঢাকা, ১৭ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





