আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) আজ। বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক, বিচারপতি নাইমা হায়দার ও কাজী রেজা-উল হকের বৃহত্তর বেঞ্চে আজ সকাল সাড়ে ১০টায় রায় ঘোষণার জন্য বিষয়টি তালিকায় এসেছে।
হাইকোর্ট ২০১৪ সালের ১৬ জানুয়ারি আশিয়ান সিটি প্রকল্প অবৈধ ঘোষণা করে রায় দেন। ২০১৫ সালে এ রায় পুনর্বিবেচনা চেয়ে আশিয়ান সিটি প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক একটি আবেদন করেন। এ আবেদনের ওপর শুনানি শেষে আদালত বিষয়টি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ২০০৬ সালে উত্তরার উত্তরখান ও দক্ষিণখান এলাকায় আশিয়ান সিটি প্রকল্পের কাজ শুরু করে। প্রকল্পের জন্য যে পরিমাণ জায়গা প্রয়োজন, তার চেয়ে বেশি জমি নিয়ে কার্যক্রম শুরু করা ও অনুমোদন না নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে আইন ও সালিশ কেন্দ্র, অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট), বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ইনস্টিটিউট অব আর্কিটেক্ট বাংলাদেশ, নিজেরা করি ও পরিবেশ বাঁচাও আন্দোলন ২০১২ সালের ২২ ডিসেম্বর রিট করে।
এমবিএইচ





