একাত্তোরের মনবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন চলছে।

সোমবার সকাল সাড়ে ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বেঞ্চের অন্য তিন সদস্য হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আদালতে নিজামীর পক্ষে উপস্থিত আছেন আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান, শিশির মনির, নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন।

গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর- এই তিন দিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ঠিক করেন। ওই তিন দিন নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করেন তার আইনজীবীরা। এ ছাড়া আগামীকাল মঙ্গলবার পাল্টা যুক্তিতর্ক উপস্থানের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে ২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দেন। রায়ে ১৬টি অভিযোগের মধ্যে আটটি অভিযোগ প্রমাণিত হয়। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগে বুদ্ধিজীবী হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুণ্ঠন, সম্পত্তি ধ্বংস, দেশত্যাগে বাধ্য করার অপরাধে নিজামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এআই