খুলনা কারাগারে জেএমবি নেতা আসাদুল ইসলাম আরিফের ফাঁসি আজ রবিবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ১০টায় কার্যকর হবে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জেলা কারাগারের জেলার জান্নাতুল ফরহাদ।
তিনি জানান, বিকাল সাড়ে ৩টায় কারাগারে আরিফের সাজা কার্যকরের বিষয়ে ব্রিফিং হওয়ার কথা থাকলেও তা হয়নি। রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের নির্দেশনা পেয়েছেন তারা।
এর আগে দুপুর দেড়টায় আরিফের পরিবারের ১২ সদস্য তার সঙ্গে দেখা করতে খুলনা কারাগারে আসেন। আরিফের স্ত্রী, দুই মেয়ে, এক বোন, শ্বশুর-শাশুড়িসহ নিকট আত্মীয়রা তার সঙ্গে দেখা করেন।
উল্লেখ্য, ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠি জেলা জজ আদালতে যাওয়ার পথে দুই বিচারককে বহনকারী মাইক্রোবাসে বোমা হামলা হয়। এ ঘটনায় বিচারক জগন্নাথ পাঁড়ে ও সোহেল আহমেদ নিহত হন। দুই বিচারক হত্যা মামলায় শুনানি শেষে ২০০৬ সালের ২৯ মে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ রেজা তারিক আহম্মেদ জেএমবির সাতজনকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
২০০৭ সালের ২৯ মার্চ জেএমবির শীর্ষ নেতা শায়খ আবদুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাই, শায়খ আব্দুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আবদুল আউয়াল, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ওরফে ফারুকের ফাঁসি কার্যকর করা হয়। অবশিষ্ট ফাঁসির আসামি আরিফ ২০০৮ সাল থেকে খুলনা জেলা কারাগারে রয়েছে।
এআই





