বাংলাদেশ মেশিন টুল্স ফ্যাক্টরির (বিএমটিএফ) কর্মকর্তাদের বিরুদ্ধে বিনা টেন্ডারে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)।
সরকারি এই প্রতিষ্ঠানের প্রকল্প পরিচালক আবদুস সাত্তারসহ আরো বেশ কয়জনের বিরুদ্ধে বিনা টেন্ডারে অতিরিক্ত দামে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ক্রয়ের সুনিদিষ্ট অভিযোগ রয়েছে দুদকে।
গত রোববার ৪ মে দুদকের নিয়মিত সভায় এই বিষয়টি খতিয়ে দেখার জন্য উপপরিচালক মো. বেনজির আহমেদকে অনুসন্ধান করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। এই বিষয়টি টাইমনিউজবিডিকে  নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রনব কুমার ভট্টাচার্য্য।
দুদকে অভিযোগ রয়েছে,দীর্ঘদিন যাবৎ  বাংলাদেশ মেশিন টুল্স ফ্যাক্টরির প্রকল্প পরিচালক আবদুস সাত্তার  এবং সরকারের গুরুত্বপূর্ণ ওই প্রতিষ্ঠানের আরো বেশ কয়জন কর্মকর্তার সহযোগিতায় তাদের বহিরাগত আত্মীয় স্বজন এবং ভাই,বন্ধু অত্যন্ত দাপটের সঙ্গে বিনা টেন্ডারে ঠিকাদারি করছেন।
ওই প্রতিষ্ঠানের প্যাড এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সই স্বাক্ষর ব্যবহার করে ঢাকা সিটি করপোরেশনসহ সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানে বিনা টেন্ডারে অতিরিক্ত দামে কোট কোটি টাকার মেশিনারীজ সামগ্রি সরসরি বিদেশ থেকে আমদানির মাধ্যমে সরবরাহ করছে। এই বিদেশ থেকে যন্ত্রপাত ক্রয় এবং সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ মেশিন টুল্স ফ্যাক্টরীর কর্মকর্তাদর সামান্যতম শ্রমের সংশ্লিষ্টতা থাকে না। কিন্তু বিলের টাকা তাদের নামে গ্রহণ করার পর ওই সাব ঠিকাদারের সঙ্গে ভাগাভাগি করা হয় এমন অভিযোগও উঠেছে।  
এদিকে টাইমনিউজবিডি.কমকে গত এপ্রিল ডিসিসিতে বিনা টেন্ডার অতিরিক্ত দামে ফগার মেশিন ক্রয় শিরোনামে  একটি অনুসন্ধানী ও তথ্যবহুল প্রতিবেদন প্রকাশিত হয়। পরে আরো কয়েকটি দৈনিকেও ওই প্রতিবেদনটি প্রকাশিত হয়। এই বিষয়টিও দুদকের অনুসন্ধানী টিমের নজরে এসেছে বলে জানা যায়।
[b]ঢাকা,একে,৬ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]