রাজধানীতে বিপুল পাসপোর্টসহ সন্দেহভাজন মানবপাচারকারী চক্রের ১৬ সদস্যকে আটক করেছে র্যাব।
রামপুরার মালিবাগ এলাকা থেকে মঙ্গলবার তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. আকতার হোসেন (৫৩), মো. আলী (৪৩), মো. মাহাবুবুর রহমান (৩৩), মো. ইসহাক খান (২৯), মো. মনিরুল ইসলাম (৪২), মো. কামাল হোসেন (৩২), আব্দুল্লাহ আল মাহমুদ (৩৩), কাদির খান (৪৩), আব্দুল মান্নান (৫৮), রাজু আহমেদ (৩২), শহিদুল ইসলাম (৩৫), মো. সোহেল (২৪), হাফিজুল ইসলাম (৩২), রাজিয়া সুলতানা (৩৬), আয়নাল হক (৩২) ও নিয়ামত উল্লাহ (৪০)।
র্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া উইংয়ের উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ জানতে পারে রামপুরার ৭০/বি মালিবাগ চৌধুরী পাড়ার ২য় তলায় আংশিক বৈধতার আড়ালে গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সি এ্যান্ড ট্যাভেলস বিদেশে মানবপাচার করে আসছে।
এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সি এ্যান্ড ট্যাভেলস এ র্যাব সদস্যরা অভিযান চালায়। সেখান থেকে মানবপাচারের সঙ্গে জড়িত ১৬ জনকে আটক করে র্যাব।
এ সময় ওই প্রতিষ্ঠানের অফিস থেকে বিপুল সংখ্যক পাসপোর্ট, কম্পিউটারসহ মানবপাচারে ব্যববহৃত বিভিন্ন দলিল জব্দ করা হয়।
তিনি আরও জানান, গোলাম রাব্বি ইন্টারন্যাশনাল এজেন্সি এ্যান্ড ট্রাভেলসের লাইসেন্স ২০১৪ সালের ৩১ ডিসেম্বর মেয়াদ শেষ হয়ে গেছে।
প্রবাসী ও কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে জানা যায়, ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ থাকার কারণে লাইসেন্সটি নবায়ন করা হয়নি। তাই তারা লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিদেশে মানবপাচারে লিপ্ত।
আটকদের জিজ্ঞাসাবাদের তথ্য উল্লেখ করে তিনি বলেন, ‘এ চক্রের সদস্যরা উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে নারী ও পুরুষদের বিশ্বের বিভিন্ন দেশে পাচার করে আসছে।
পাচার করাদের অধিকাংশই বিদেশে গিয়ে অবৈধ হয়ে শারীরিক নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন। নারীরা শারীরিক নির্যাতনের পাশাপাশি যৌন নিপীড়নেরও শিকার হচ্ছেন।’
এমকে





