রাজধানীর ভাষানটেক এলাকায় বোনকে ইভটিজিং করার প্রতিবাদ করায় ইভটিজারদের হাতে খুন হয়েছেন বড় ভাই নাসির (২৫) ।শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ইভটিজাররা নাসিরকে একা পেয়ে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে।
পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।নাসির পূর্ব ভাষানটেক এলাকার পিল মোহাম্মদ কলনির মৃত মতিনের ছেলে।
নিহত নাসিরের বড় ভাই মোশারফ হোসেন বলেন, ছোট ভাই নাসির আমার সঙ্গে মাছের ব্যবসা করতেন। এলাকার বখাটে বাবলু, কানা আলম ও মামুন আমার ছোট বোনকে প্রায়ই উত্ত্যক্ত করতো।
বৃহস্পতিবার বিকেলেও তারা আমার বোনকে উত্ত্যক্ত করলে নাসির এর প্রতিবাদ করে। এ নিয়ে তাদের সঙ্গে নাসিরের বাক-বিতণ্ডা হয়। এ ঘটনার কারনে শুক্রবার রাতে পশ্চিম ভাষানটেক এলাকায় বখাটেরা নাসিরকে একা পেয়ে জিআই পাইপ দিয়ে পিটিয়ে আহত করে।
পরে পরিবারের লোকজন খবর পেয়ে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ হায়দার জানান, লাশটি ঢামেক জরুরি বিভাগে রাখা হয়েছে।
ইআর





