চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ভারতীয় ৩টি পিস্তলসহ বাংলাদেশি ৩ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

তারা হলেন-কুষ্টিয়ার কমলাপুর এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে শাহিনুর রহমান (৩৫), আওড়াপাড়ার তোফাজ্জেল হোসেনের ছেলে তোফায়েল আহমদ (৩৪) ও থানাপাড়ার ইউনুস বিশ্বাসের ছেলে খায়রুজ্জামান (৩২)।

বিজিবি জানায়, সন্ধ্যায় ভারতের গেঁদে চেকপোস্ট হয়ে দর্শনায় প্রবেশ করেন পাসপোর্টধারী ওই ৩ যুবক। বিজিবির চেকপোস্টে তল্লাশির সময় তাদের কাছ থেকে ২টি ও কাস্টমসে তল্লাশির সময় আরো ১টি ভারতীয় এয়ার পিস্তল উদ্ধার করা হয়।

পরে বিজিবি সদস্যরা তাদের আটক করে দামুড়হুদা থানায় সোপর্দ করে।

দর্শনা চেকপোস্টের ইমিগ্রেশন ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মাহবুব জানান, ওই ৩ যুবক ২ সপ্তাহ আগে দর্শনা চেকপোস্ট হয়ে ভারতে গিয়েছিলেন।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম মনিরুজ্জামান ও দর্শনা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট মো. শহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

ঢাকা, ২৯ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ