রাজধানীর তুরাগ থানার নারী কনস্টেবলকে ধর্ষণের অভিযোগে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন ভিকটিমের বড় বোন।
ভিকটিমের সাবেক স্বামী ও খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কালিমুর রহমানকে প্রধান আসামি করে অজ্ঞাত আরো তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে।
শনিবার দিনগত রাত সাড়ে ৮টায় খিলগাঁও থানায় মামলা দায়ের করা হয়।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজ ভুইয়া জানান,রাতে ভিকটিমের বড় বোন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯/৩ ধারায় গণধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ২৬।
তিনি জানান, এতে খিলগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. কালিমুর রহমানকে প্রধান আসামি এবং অজ্ঞাত তিনজনকে আসামি করে মামলাটি করা হয়েছে।
তিনি আরো জানান, আমরা আশাবাদি। এ ঘটনায় জড়িত অপর আসামিদের শিগগিরই গ্রেফতার করা সম্ভব হবে।
এদিকে, ধর্ষণের শিকার ওই নারী কনস্টেবল বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছেন। ১৪ জুন তার ফরেনসিক পরীক্ষা করা কথা রয়েছে।
এসএইচ





