বিচারক অসুস্থ থাকার কারণে রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার রায় পেছানো হয়েছে।
মঙ্গলবার (১২ অক্টোবর) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক কামরুন্নাহারের আদালতে রায় ঘোষণার কথা ছিল। কিন্তু বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণা পেছানোর আদেশ দেন ভারপ্রাপ্ত বিচারক।
তবে রায় ঘোষণার জন্য এখন পর্যন্ত নতুন কোনো তারিখ ধার্য করেননি আদালত।
আদালতের পেশকার মো: ইলিয়াস বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিরা হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ ওরফে এইচএম হালিম, সাফাতের দেহরক্ষী রহমত আলী ও গাড়িচালক বিল্লাল।
আসামিরা সবাই জামিনে ছিলেন। তবে রোববার সব আসামির জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষে মোট ২২ জনের সাক্ষ্য নেয়া হয়েছে।
২০১৭ সালের ২৮ মার্চ রেইনট্রি হোটেলে সাফাতের জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ করা হয় বলে মামলার অভিযোগে বলা হয়েছে।
এমবি





